Image description

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক রূপান্তর, দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনসিপি নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনমনে থাকা বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন এনসিপির নেতারা। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদল জানান, এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উভয় দেশের জনগণ এর সুফল পাবে বলে তারা আশা করছেন।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।