ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো এবার খেলবেন লিওনেল মেসির সঙ্গে। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি জানায়, কাসেমিরোর সঙ্গে ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে। এতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পরই তিনি দলের হয়ে মাঠে নামতে পারবেন।
৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন। দীর্ঘদিন ধরেই তার ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিল।
নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, জয়ের ক্ষুধা এবং নিজেকে আরও উন্নত করার লক্ষ্যই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, “জেতা এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব যে পরিকল্পনা আমার সামনে তুলে ধরেছে এবং এই চুক্তি সম্পন্ন করতে যে পরিশ্রম করেছে, তা আমার কাছে অনেক কিছু বোঝায়। মাঠে ও মাঠের বাইরে সর্বোচ্চটা দিয়ে এই আস্থার প্রতিদান দিতে চাই।”
কাসেমিরোকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। তিনি বলেন, “কাসেমিরো একজন জন্মগত বিজয়ী। খেলোয়াড় ও মানুষ—দুই পরিচয়েই আমি তাকে সবসময় শ্রদ্ধা করি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে অসাধারণ ক্যারিয়ারের পর তাকে ইন্টার মিয়ামিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।”
রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে কাসেমিরো জিতেছেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ। ২০২২ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, যেখানে এফএ কাপ ও ইংলিশ লিগ কাপ জয়ের স্বাদ পান। এছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে একটি কোপা আমেরিকার শিরোপাও রয়েছে তার ঝুলিতে।




Comments