Image description

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। বিষয়টি যদি বাস্তবে ঘটে, তবে তখন আমরাও জানবো এবং সবাই জানবে।”

মন্ত্রী আরও বলেন, “স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে সেটির সাংবিধানিক বিধান রয়েছে। এক্ষেত্রে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এখানে সরকারের পক্ষ থেকে আগাম কিছু বলার নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেন যে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, “তিনি (রাষ্ট্রপতি) পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে। সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই এবং এ ব্যাপারে সরকারের কোনো ভূমিকাও নেই।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে ও গণমাধ্যমে রাষ্ট্রপতির পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট হলো।

মানবকণ্ঠ/ডিআর