দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে সব ধরনের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
শুক্রবার (২৪ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই নতুন দাম নির্ধারণের তথ্য নিশ্চিত করেছে। আজ থেকেই এই নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২২ জুলাই সোনার দাম শেষবার সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে এবার বড় দরপতন হলো।
বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments