কুমিল্লায় ৭ শিক্ষকের বদলির প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
‘শিক্ষকদের বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্রীরা।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৩ জুলাই অতিবৃষ্টির কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই ভিজা পরিবেশেই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন শিক্ষার্থীরা, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ওই কেন্দ্র কমিটির দায়িত্বে থাকা কলেজের সাতজন শিক্ষককে গত ২৪ জুলাই স্ট্যান্ড রিলিজ করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।
বদলিকৃত শিক্ষকরা হলেন— কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের মূল সমস্যা জলাবদ্ধতা দূর না করে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একযোগে সাত শিক্ষককে বদলি করেছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
তারা আরও জানান, এমনিতেই কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। এর মধ্যে অভিজ্ঞ শিক্ষকদের এভাবে সরিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থার ওপর বড় আঘাত। অবিলম্বে এই বদলির আদেশ বাতিল না করা হলে আন্দোলন পুরো কুমিল্লা জুড়ে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন সাধারণ ছাত্রীরা।




Comments