Image description

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যে একাধিক নিয়োগ ও বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে দলটি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)।

দিল্লিতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন। এরপরই পাঞ্জাবে একই ধরনের অভিযোগ তুলে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, নৈতিকতার প্রশ্নে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উচিত পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা। তিনি জানতে চান, হরজট সিং বাইস কবে পদত্যাগ করবেন।

বিজেপির অভিযোগ, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের (পিএসইবি) দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (পিএসটিইটি) এবং অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ পরীক্ষাসহ কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এছাড়া পিএসএসএসবি গ্রুপ-বি, কম্বাইন্ড রিক্রুটমেন্ট, নাইব তেহসিলদার ও ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষার মেধাতালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছে দলটি।

একই অভিযোগ এনে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং দাবি করেন, গত চার বছরে রাজ্যে অন্তত ছয়টি বড় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরকারের জবাবদিহিতা চান তিনি।

অন্যদিকে, আম আদমি পার্টি সব অভিযোগকে ‘ভুয়া খবর’ ও রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যে একটি প্রশ্নপত্রও ফাঁস হয়নি এবং ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে দেওয়া হবে না।