Image description

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর এক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে দুই বোন কক্সবাজার আদালতে এসেছিলেন। শুনানি শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত রুবিনা ও শাহিনাসহ অন্যদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়। আহত বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন অটোরিকশাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আদালতের কার্যক্রম শেষে পরিবারের কাছে ফেরার কথা ছিল দুই বোনের, কিন্তু সেই ফেরা আর হলো না। মর্মান্তিক এই দুর্ঘটনায় উখিয়ার হরিণমারা গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর