খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমন শেখ আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আড়ংঘাটা রেলস্টেশনের পাশে একটি ঘেরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমনের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments