পীরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে নার্গিস বেগম (৩৫) নামে এক গৃহবধূর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নার্গিস বেগম উপজেলার মরারপাড়া গ্রামের লতারপাড়া এলাকার রাসেল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন একটি জমিতে চাষাবাদের সময় বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পাশের একটি পুকুরের কচুরিপানার ওপর মানুষের একটি পা ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে একটি বস্তা উদ্ধার করে। পরে সেই বস্তার ভেতর থেকে নার্গিস বেগমের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে পরিচয় গোপন করার উদ্দেশ্যে মরদেহটি বস্তাবন্দী করে নির্জন পুকুরে ফেলে রাখা হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments