Image description

সুন্দরবনে বর্তমানে ১২৪টি বাঘ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই প্রাণী সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়িয়ে নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৫টি এবং দেশের বিভিন্ন চিড়িয়াখানায় আরও প্রায় ৫০টি বাঘ রয়েছে।

বিশ্বে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একশ বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। বর্তমানে তা নেমে এসেছে প্রায় পাঁচ হাজারে। এই পরিসংখ্যানই প্রমাণ করে, বাঘের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে রয়েছে।

তিনি বলেন, এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে এ প্রজাতি আরও বড় সংকটে পড়বে। বাঘ শুধু একটি বন্যপ্রাণী নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার স্যুভেনির শপের উদ্বোধন করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।