প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে এই উপহার হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের মোট ৬২০টি আনারস ১০০টি সুসজ্জিত বক্সে করে পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস রয়েছে এবং একেকটি আনারসের গড় ওজন এক কেজিরও বেশি।
আনারসগুলো গ্রহণ করার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন— চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
অন্যদিকে ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন— কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপহারের প্যাকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
উপহার হস্তান্তর শেষে ত্রিপুরার কৃষি সচিব অপূর্ব রায় সাংবাদিকদের বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যেই ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।”
উল্লেখ্য, প্রতি বছরই দুই দেশের সৌজন্য ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে বিভিন্ন মৌসুমি ফল ও সামগ্রী উপহার বিনিময়ের রেওয়াজ রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments