Image description

কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুল জারি ও শোকজ করেছেন। আদালত কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির (ইসি) প্রধানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এই নির্দেশনা প্রদান করেন।

রিট পিটিশন (নং- ১০১৭৩/২০২৬) সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর এই আবেদনটি দাখিল করেন। এতে অভিযোগ করা হয় যে, কুমিল্লা প্রেস ক্লাবের বর্তমান কমিটি একটি ত্রুটিপূর্ণ ও অবৈধ ভোটার তালিকা প্রস্তুত করে গত ১৩ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করে। এ বিষয়ে গত ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপত্তি জানিয়ে ৩ দিনের সময় দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশন প্রধান ওই নোটিশের কোনো সদুত্তর না দিয়ে ৩০ জুলাই একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চালিয়ে যান।

আবেদনকারী পক্ষের দাবি, প্রেস ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে এই ভোটার তালিকা করা হয়েছে। রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, গঠনতন্ত্র অনুযায়ী নতুন ও সঠিক তালিকা প্রণয়ন এবং নতুন তফসিল ঘোষণা করে পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি মিসেস ফাহমিদা কাদের এবং বিজ্ঞ বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আদালত বিবাদীদের প্রতি রুল জারি করার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের শোকজ করেছেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান। তাঁর দেওয়া সনদ অনুযায়ী, গত ২৯ জুলাই রিটটি দাখিল করা হয়, যেখানে বিবাদীদের আইনগত নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর