Image description

পাবনার আটঘরিয়ায় এক স্কুলশিক্ষিকার মরদেহ একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া (হিন্দু পাড়া) গ্রামে নিজ বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং স্থানীয় চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গীতা রানীর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে তার ঘরের ভেতরে প্রবেশ করে। গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ধারণা করা হচ্ছে, একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে রেখে যায় ঘাতকরা।

সকালে প্রতিবেশীরা তাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা ১১টার দিকে টয়লেটের ট্যাংকিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে নিহতের শরীরে ধস্তাধস্তির চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর