Image description

রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ঘটনার দুই দিন পর  আাজ বৃহস্পতিবার (৩০ জুলাই) কুষ্টিয়া ও রাজশাহীর পবা থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নৌকার মাঝি কাওসার আলী (৬০) এবং তার ছেলে জিয়ারুল হক। তাদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে ৮ জন যাত্রী ও ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা চর মাজারদিয়াড় এলাকা থেকে লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। এতে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও মাঝি কাওসার আলী ও তার ছেলে জিয়ারুল হক নিখোঁজ থাকেন।

এরপর নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়। অভিযানের দ্বিতীয় দিন আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাংলাবাজার পাকশী ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে প্রথমে মাঝি কাওসার আলীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুর ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকা থেকে উদ্ধার করা হয় ছেলে জিয়ারুল হকের মরদেহ।

পুলিশ সুপার জানান, উদ্ধার করা বাবা-ছেলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/এমআর