Image description

সরকারের নতুন সিদ্ধান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যোগদান ও পদায়নের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যোগদানের পর ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। এছাড়া, নির্ধারিত সময়ের আগেই নির্বাচিতদের নিয়োগপত্র পাঠানো হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর দুপুর প্রায় ২টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে শাহবাগ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে অবস্থানস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।