ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (০৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।
অনুষ্ঠানে পাঠ করা ঘোষণাপত্রে জানানো হয়, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ রাজনীতি ও রাষ্ট্রের অগ্রযাত্রায় একটি বড় ধরনের গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিল। তবে সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ব্যবধান থাকায় জনগণের মনে নতুন করে হতাশা তৈরি হয়েছে। মূলত দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের অভাব এবং সেই হতাশ জনগোষ্ঠীকে নতুন রাজনৈতিক দিশা ও আশার আলো দেখানোর লক্ষ্যেই ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর যাত্রা শুরু হয়েছে।
এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংহতি জানাতে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশের সব সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারুণ্য। এ দেশের মানুষ এখনো তরুণদের দিকেই গভীর আশার চোখ নিয়ে তাকিয়ে আছে। সেই অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে একটি নতুন ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মটি দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments