জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির বহুল প্রতিক্ষিত প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই মাত্র ১২ জন সদস্য নিয়ে এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং পরবর্তী বৈঠকগুলোর জন্য কর্মপরিকল্পনা ও আলোচ্য বিষয় নির্ধারণ করা হতে পারে। সংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কার্যকর ইস্যু নিয়ে আলোচনা শুরু হবে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের প্রবল দাবির মুখে বর্তমান সরকার সংবিধান সংশোধনের এই উদ্যোগ নেয়। সংবিধানের বিভিন্ন বিধান, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা, নির্বাহী বিভাগের একচ্ছত্র কর্তৃত্ব হ্রাস, নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের দীর্ঘদিনের প্রস্তাবনাগুলো এই কমিটির আলোচনার মূল ভিত্তি হবে।
এই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। গত ১৩ জুলাই কমিটি গঠনের প্রস্তাব করা হলেও শুরু থেকেই বিরোধী দলগুলো ‘সংবিধান সংশোধনের’ পরিবর্তে ‘সংবিধান সংস্কারের’ দাবি জানিয়ে আসছিল। প্রাথমিকভাবে ১৭ সদস্যের একটি কমিটির কাঠামো প্রস্তাব করা হয়েছিল, যেখানে বিরোধী দলগুলোর জন্য পাঁচটি পদ খালি রাখা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিরোধী দল থেকে নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো প্রতিনিধি না পাঠানোয় বর্তমানে ১২ সদস্যের কমিটিই কার্যক্রম শুরু করছে।
সংসদে কমিটি গঠনের সময় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম জানিয়েছিলেন, কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিরোধী দলগুলোর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সদস্যদের নাম জমা দেয়নি।
বর্তমানে গঠিত ১২ সদস্যের কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্য সদস্যরা হলেন—চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক (নুর), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
মানবকণ্ঠ/ডিআর




Comments