Image description

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগরে মাছধরা একটি ট্রলারে জলদস্যুদের হামলায় ১২ জেলে আহত হয়েছেন। হামলাকারীরা ট্রলার থেকে মাছ, জাল ও জ্বালানি তেলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার (৫ আগস্ট) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ট্রলারটির নাম এফবি মিম। আহত জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

জানা গেছে, আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুবকে (৪০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে চরফ্যাশন থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় ট্রলারটি। কয়েকদিন মাছ শিকার শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার তাদের গতিরোধ করে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারে উঠে জেলেদের ওপর হামলা চালায়।

পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌপুলিশের সরাসরি আওতাধীন না হলেও আহত জেলেদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।