Image description

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যে কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি পরিপত্র জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে শুধু সড়ক দুর্ঘটনা নয়, সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার।

রায়ের পর মনজিল মোরসেদ বলেন, স্বাস্থ্য সচিবকে সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে নির্দেশনা পাঠাতে বলা হয়েছে। যাতে সড়ক দুর্ঘটনা, ছিনতাইয়ের হামলা বা অন্য যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তি এলে প্রথমে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজন হলে পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হবে।

২০১৮ সালের ২৬ জানুয়ারি ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীর হামলায় আহত খুলনার ব্যবসায়ী ইব্রাহিমকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট আবেদন করে।