ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, কিয়েভের ঠিক পাশেই অবস্থিত বোরিসপিল জেলার তিনটি স্থানে একযোগে এই রুশ হামলা রেকর্ড করা হয়েছে। হামলায় বসতবাড়ি ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি এই প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, কিয়েভ মূল শহরেও হামলার ভয়াবহতা অনুভূত হয়েছে। বিমান হামলার সতর্কতা বা ‘এয়ার রেড সাইরেন’ বাজার পরপরই শক্তিশালী একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবে শহরের দুটি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি বিকট শব্দে কিয়েভের কেন্দ্রস্থল কেঁপে ওঠে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে।
সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স) তীব্র ঘাটতির সুযোগ নিচ্ছে মস্কো। বিশেষ করে রাশিয়ার অত্যাধুনিক ও দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা কিয়েভের হাতে না থাকায় প্রতিনিয়ত এই ধরনের জানমালের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments