চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি অভিন্ন দুটি ওয়েবসাইট (eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd) থেকেও ফলাফল দেখা যাবে।
মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার সাল (২০২৬) লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
ঢাকা বোর্ডের জন্য: SSC DHA ROLL 2026
মাদরাসা বোর্ডের জন্য: SSC MAD ROLL 2026
কারিগরি বোর্ডের জন্য: SSC TEC ROLL 2026
সবগুলো মেসেজ পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রীতি থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফলাফল প্রকাশিত হচ্ছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।
ডিআর




Comments