Image description

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে বেলা সাড়ে ১১টায় জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমদের নাম সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়।

বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ লেবার পার্টি।

মনোনয়ন পাওয়ার পর সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অলি আহমদ বলেন, ‘আমি ১১ দলের সকল নেতা ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছেন একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে আমি এই পদের জন্য যোগ্য। আমার বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনো নৈতিক স্খলনের অভিযোগ নেই। সুন্দর ও স্বচ্ছভাবে জীবনযাপন করেছি বলেই জোট আমাকে মনোনীত করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে চাই, আমরা কখনোই এই জাতির সঙ্গে বেইমানি করব না। জনগণের পাশে থেকে সবসময় তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা সচেষ্ট থাকব।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের নাম রাজনৈতিক মহলে জোরালোভাবে আলোচিত হচ্ছিল। আজকের ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।

ডিআর