Image description

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৭০ জনেরও বেশি।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছে। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে। এতে পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্যালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ কয়েকটি শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলম্বিয়া সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।

এসএস