ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “‘র’ প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন। এটা তাঁর এক ধরনের সফর। এটি নিয়ে জল্পনার কিছু নেই। হয়তো তাঁর সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।”
এর আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন ‘র’ প্রধান পরাগ জৈন।
এদিকে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, “শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, এ ব্যাপারে আমরা টাফ আছি। দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে যে আলাপ করছি, সেটির অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে তৈরি করতে হবে।”
শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কথা ছিল। আমরা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাই, দেশে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, এবার রীতিমতো সংবাদ সম্মেলন করেছেন। এসব বিষয় ভারতকে আন্তরিকভাবে নিতে হবে।”
তিনি আরও বলেন, “এ বার্তা শক্তভাবে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।”
এসএস




Comments