রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ এবং জনঅস্থিরতার আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ নিয়ে সর্বশেষ ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে দেশটি। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ বিষয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছিল কানাডা।
কানাডা সরকারের ‘ট্রাভেল অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইজরিজ ফর বাংলাদেশ’ ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে ঘিরে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা দেখা দিতে পারে। এ কারণে কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা। নাগরিকদের ওই এলাকায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকি রয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ভ্রমণের আগে কানাডা সরকারের সর্বশেষ পরামর্শ ও তথ্য যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএস




Comments