Image description

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের পেস আক্রমণ। স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ। তার সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের কার্যকর বোলিংয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশের পেস ইউনিট।

বাংলাদেশের পেসারদের এমন নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেরও। বিশেষ করে হাসান মাহমুদের পারফরম্যান্স এবং দলের পেস বোলিংয়ের গভীরতায় মুগ্ধ হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে হার্শা ভোগলে লিখেছেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে গভীরতা দেখাচ্ছে, তারা চমৎকার কাজ করেছে।’

ডারউইনে প্রথম দিনেই ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। ২৬ বছর বয়সি এই পেসার ৫৫ রানে নিয়েছেন ৬ উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নিয়েছেন বাকি চারটি উইকেট।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে একসময় বাংলাদেশের পেস বোলিং ছিল বড় প্রশ্নের জায়গা। তবে এবার স্বাগতিকদের মাটিতেই পেসারদের দাপুটে পারফরম্যান্স সেই চিত্র বদলের ইঙ্গিত দিচ্ছে। নাহিদ রানার অনুপস্থিতিতেও বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা যে বেড়েছে, হার্শা ভোগলের মন্তব্যেও সেটিই উঠে এসেছে।

হাসান, তাসকিন ও এবাদতের সম্মিলিত পারফরম্যান্স তাই শুধু একটি ইনিংসের সাফল্য নয়; বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের সাম্প্রতিক উন্নতিরও বড় উদাহরণ হয়ে উঠেছে।

এসএস