Image description

মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ ডলার এবং ব্যক্তিগত অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে। প্রকল্পের নথি অনুযায়ী- সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যাওয়া এবং বেসিনের ক্ষতি এড়াতে নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান স্থাপন করা হবে।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের অজুর ব্যবস্থা রয়েছে।

তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর ব্যবস্থা এবারই প্রথম নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর ডি৪০ গেটের কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।

এমআর