মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সেনাসদস্যকে আটক অথবা হত্যা করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
রোববার (১৬ আগস্ট) ইরানের সংবাদ সংস্থা ওয়ানা নিউজ এজেন্সির (WANA) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আমির হাতামি স্পষ্ট করে বলেছেন, কোনো ইরানি নাগরিক যদি একজন মার্কিন সেনাসদস্যকে আটক কিংবা হত্যা করতে সক্ষম হন, তবে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারের অর্থ কোনো নির্দিষ্ট সংস্থার নয়, বরং ‘ইরানের জনগণের পক্ষ থেকে’ সরাসরি প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ইরানের এ ধরনের কঠোর অবস্থান ও পুরস্কার ঘোষণার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিলেন ইরানের উর্ধ্বতন কর্মকর্তারা। গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি বিশেষ ব্যবস্থার আওতায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।
ইরানি সেনাপ্রধানের নতুন এই সরাসরি হুমকির ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও চরম আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
ডিআর




Comments