Image description

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ ফের প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে গুঞ্জনের মধ্যে সুনীতার প্রকাশ্য মন্তব্যের জবাবে এবার স্ত্রীকে কড়া ভাষায় সতর্ক করেছেন গোবিন্দ।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে কোমল রানির সঙ্গে গোবিন্দকে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ নিয়ে সুনীতা প্রকাশ্যে গোবিন্দের সমালোচনা করেন। তিনি বলেন, কোমলের বয়স তাঁদের মেয়ে টিনার কাছাকাছি। এমনকি গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন তিনি।

সুনীতার এসব মন্তব্যের জবাবে গোবিন্দ একটি ভিডিও বার্তায় তাঁকে সতর্ক করেন। তিনি বলেন, প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে মা-বোনকে নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গোবিন্দ আরও বলেন, তরুণ প্রজন্ম তারকা ও জনপ্রিয় ব্যক্তিদের অনুসরণ করে। তাই প্রকাশ্যে কী ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকা উচিত। স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিজের সীমার মধ্যে থাকুন।’

তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়েও সুনীতার মন্তব্যের জবাব দিয়েছেন গোবিন্দ। তাঁর দাবি, দীর্ঘ অভিনয়জীবনে তিনি বিভিন্ন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। এটি তাঁর পেশাগত জীবনের স্বাভাবিক অংশ বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে গোবিন্দ ও কোমল রানিকে ঘিরে যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে দুজনের পক্ষ থেকেই কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। বিভিন্ন গণমাধ্যমও বিষয়টিকে গুঞ্জন হিসেবেই উল্লেখ করেছে।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনে এর আগেও গোবিন্দের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সুনীতা প্রকাশ্যে নানা মন্তব্য করেছেন।

এসএস