Image description

রাজধানী ঢাকায় নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সার্ভিসে শুধু নারীরা যাত্রী হিসেবে চলাচল করতে পারবেন। বাসের চালক ও কনডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।

আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে। সার্ভিসটি চালু হলে রাজধানীতে নারীদের গণপরিবহনে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছে বিআরটিসি।

এসএস