প্রথমবার রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী
নগর উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। এর মাধ্যমে নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনাসহ সিটি করপোরেশনের বিভিন্ন প্রকৌশল ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েটের শিক্ষার্থীদের রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন শুধু নগরবাসীকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।’
রাজশাহীকে আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’ এ সময় তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশন উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের শুভ সূচনা হলো। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে।’
তিনি বলেন, এর আগে দায়িত্বে থাকা অনেকের সময় রুয়েট শিক্ষার্থীরা রাসিকে এ ধরনের সুযোগ পাননি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আমরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারব। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, ‘আমাদের সিনিয়ররা ইতোপূর্বে রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। আমরাই প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’
ইন্টার্নশিপের মাধ্যমে রুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন। একই সঙ্গে তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।
এসএ




Comments