Image description

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় একই দিনে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৃথক ঘটনায় তাদের হত্যা করা হয়। একই এলাকায় একদিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত দুজন হলেন—নাজমুল ও মঞ্জুরুল ইসলাম (২২)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় একদল যুবক মঞ্জুরুলকে খুঁজতে সেখানে যায়। একপর্যায়ে তাকে পেটে ছুরিকাঘাত ও পায়ে গুলি করে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কী কারণে মঞ্জুরুলকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একজন সন্ত্রাসী ও তার কয়েকজন অনুসারীর নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সঙ্গে ভবন নির্মাণের সেন্টারিংয়ের কাজ করতেন। 

এদিকে আশিবিঘা এলাকার একটি গলিতে আরেক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের নাম নাজমুল বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। 

এদিকে চলতি আগস্টের ১৯ দিনে খুলনায় অন্তত পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১১ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে ইটভাটার ভেতরে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়।

এর চার দিন পর, ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল-শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

এরপর ১৮ আগস্ট খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় রাজু শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর পরদিনই আশিবিঘায় একই দিনে দুই যুবক হত্যার ঘটনা ঘটল।

এসএস