ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করেছে দেশটি।
বুধবার (১৯ আগস্ট) ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা হয়, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’
এর আগে মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজ প্রণালির ওপর ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ লেখা ছিল। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছিলেন। হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও তার পোস্টটি শেয়ার করা হয়।
ট্রাম্পের ওই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে তার ‘দিবাস্বপ্ন’ দ্রুতই ভেঙে যাবে। তা না হলে ইরানই তার ভুল ধারণা ভেঙে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইরানি বংশোদ্ভূত বিপুলসংখ্যক মানুষের বসবাস। বিশেষ করে লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাস বলে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ রয়েছেন।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের বসতি ও আনাগোনা বাড়ে। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ইরানি সম্প্রদায়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এ কারণে এলাকাটিকে অনেকে ‘টেহরানজেলেস’ নামেও অভিহিত করেন।
সূত্র: আনাদোলুে
এসএস




Comments