রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের পর হঠাৎ ভারী বৃষ্টিতে মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়ার প্রধান সড়কসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন অফিসগামী মানুষ ও কর্মজীবী নিম্নআয়ের পেশাজীবীরা। জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে মাঝে মধ্যে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।
মূল সড়কের পাশে পার্ক করে রাখা যানবাহনের অর্ধেকেরও বেশি পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর এলাকায় অনেক মোটরসাইকেলের অধিকাংশ পানির নিচে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে গণপরিবহনের কিছুটা সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
মিরপুরের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী রিয়াজ বলেন, অল্প বৃষ্টিতেই মিরপুরের কাজীপাড়া ও ১০ নম্বর মোড় এলাকায় দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার কারণে পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।
পথচারী মোছাম্মদ নাসরিন বেগম বলেন, দুপুর ১২টার দিকে কাজীপাড়া মেট্রোরেলের পাশে শোরুমগুলোতে এসেছিলাম সংসারের কিছু জরুরি জিনিস কেনার জন্য। শোরুম থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি জমে গেছে, এখন গাড়ি পাচ্ছি না। আর সিএনজি পানির মধ্যে যেতে চাচ্ছে না। অনেকক্ষণ ধরে এখানে আটকে আছি।
এমআর




Comments