Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো—ওজাইফা আক্তার (১০), আফসা আক্তার (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন স্কুলে পড়াশোনা করত।

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুকুরে খোঁজ শুরু করেন।

একপর্যায়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা করে চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন বলেন, চার শিশুকেই হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএস