Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. রাজু (৩০) নামে এক মাদক কারবারি পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল কোবাগা এলাকায় অভিযান চালিয়ে রাজুকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার কাছ থেকে ইয়াবা জব্দ করে হাতে হাতকড়া পরিয়ে তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সময় রাজুর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রাজু তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করে তদন্ত কেন্দ্রে নেওয়ার পথে তার আত্মীয়-স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এএসআই নাসির উদ্দীন ঘটনাস্থলে ছিলেন। জব্দ করা ইয়াবা পুলিশের হেফাজতে রয়েছে। পলাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস