নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠা এক আসামিকে প্রায় ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাইকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—মো. রাজু (৩০) ও তাঁর বড় ভাই আক্তার হোসেন (৪২)। তাঁরা জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জসীম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয়।
জসীম উদ্দিনের ভাষ্য, রাজুকে তদন্ত কেন্দ্রে নেওয়ার পথে তাঁর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রাজু পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিনের হাতে কামড় দিয়ে পালিয়ে যান।
পরে রাত সাড়ে ১১টার দিকে কোবাগা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রাজুর বড় ভাই আক্তার হোসেনকে এবং পরে রাজুকে আটক করা হয় বলে জানান তিনি।
তবে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। তাঁদের শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।”
আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “৫০ পিস ইয়াবাসহ আসামি পালিয়ে যাওয়ার সময়ই আটক করা হয়। তালতলা ইনচার্জ জসীম ভাই সম্ভবত আপনাদের বিষয়টি ঠিকভাবে বুঝাতে পারেননি।”
এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তার বক্তব্যে আসামি পালিয়ে যাওয়া নিয়ে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
এসএ




Comments