আমবাগানে অস্ত্র-বোমার সরঞ্জাম, শিবগঞ্জে র্যাবের অভিযান
আমবাগানের নীরবতার আড়ালে পড়ে ছিল অস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এমনই একটি আমবাগান থেকে একটি সুটারগান, একটি গুলি, দুটি হাসুয়া এবং এক কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এসব অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সেখানে কারা রেখেছিল, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) র্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া এবং এক কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
অভিযানকালে এসব অস্ত্র ও সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা আলামতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্র, গানপাউডার ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-এর মিডিয়া সেল জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এসএ




Comments