ডারউইনে স্বস্তির জয়ের পর এবার বাংলাদেশের সামনে এবার ভিন্ন আবহাওয়া, ভিন্ন কন্ডিশন। ম্যাকাইয়ের ঠান্ডার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি দ্বিতীয় টেস্টে ব্যাটারদের অপেক্ষা করছে গতি, বাউন্স ও সুইংয়ের কঠিন পরীক্ষা। ব্রিসবেনের বিখ্যাত গাবার অনুকরণে তৈরি করা হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট। তাই দ্বিতীয় টেস্টে পেসারদের দাপট দেখার অপেক্ষায় দুই দলই।
উইকেটের চরিত্র নিয়ে অবশ্য কোনো রাখঢাক রাখেননি কিউরেটর পিটার কাজাকফ। তার মতে, দ্বিতীয় টেস্টে দুই দলের ব্যাট-বলের লড়াইটা হবে সমানে সমান।
পিটার বলেন, ‘ব্যাটার ও বোলারের মধ্যে যাতে লড়াইটা সমান হয়, আমরা তেমনই একটা উইকেটের আশা করছি। ম্যাচের শেষ দিকে গিয়ে স্পিনাররাও সাহায্যও পেতে পারেন।’
তবে শুরুতে পেসারদের বাড়তি সুবিধা পাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পিটার। গাবার মাটির গুণাগুণের সঙ্গে মিল রেখে তৈরি এই উইকেটে বাড়তি বাউন্স ও গতি থাকবে বলে জানিয়েছেন কিউরেটর।
তিনি বলেন, ‘আমরা মূলত সেটাই (বাড়তি বাউন্স) নিশ্চিত করতে চাচ্ছি। উইকেটে প্রচুর গতি থাকবে এবং বলও খুব ভালোভাবে ব্যাটে আসবে। গাবার সঙ্গে এই উইকেটের বেশ মিল রয়েছে। আশা করছি আচরণও অনেকটা একই রকম হবে।’
পিটার আরও বলেন, ‘উইকেটটা পেস সহায়কই হবে। তবে এটা নতুন বলের উইকেট। প্রথম দিনের প্রথম সেশনে নতুন বল সামাল দিতে পারলে দ্বিতীয় ও তৃতীয় সেশনে রান তোলার দারুণ সুযোগ থাকবে। আশা করছি ম্যাচের শেষের দিকে স্পিনাররাও ভূমিকা রাখতে পারবে।’
সমুদ্রের কাছাকাছি হওয়ায় বাতাসও বড় ফ্যাক্টর হতে পারে। পিটারের মতে, ‘সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে এমনিতেই বাতাস একটু বেশি থাকে। এখন তো আরও বেশি। আমার ধারণা পুরো ম্যাচ জুড়েই মাঠে জোরালো বাতাস থাকবে।’
এমআর




Comments