গাইবান্ধায় ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মাদক সম্রাট’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চক সিংহডাঙ্গা গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে মাদক কেনাবেচা চলছে বলে জানতে পারে পুলিশ।
পরে সকাল সোয়া ৬টার দিকে থানার সেকেন্ড অফিসার মীর কায়েশের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক হোসেন (৩৮) নামে তাঁর এক সহযোগী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




Comments