মাংস খেতে চাওয়ায়
ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
আলামত নষ্টের চেষ্টায় মা গ্রেপ্তার
ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়াকে কেন্দ্র করে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে হত্যাকাণ্ডের আলামত নষ্ট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে নিহতের মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি পুনের ওয়ারজে মালওয়াড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসকে অনেক পরিবার পবিত্র মাস হিসেবে পালন করে। এ সময় অনেকেই মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকেন। মহেশের পরিবারেও শ্রাবণ মাস উপলক্ষে নিরামিষ খাবার খাওয়ার নিয়ম চালু ছিল।
তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে জোরাজুরি করছিলেন। এ বিষয়টি নিয়ে তার সঙ্গে বাবার তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মহেশের বাবা লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে মহেশের মৃত্যু হয়।
ঘটনার পর বিষয়টি পুলিশকে না জানিয়ে স্বামীকে রক্ষা করার চেষ্টা করেন নিহতের মা। অভিযোগ রয়েছে, তিনি হত্যাকাণ্ডের আলামত নষ্ট করে ঘটনাটি গোপন করার চেষ্টা করেন।
তবে ঘটনাটি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে মহেশকে হত্যার অভিযোগ এবং হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এরপর নিহতের বাবা ও মাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা এবং হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ গোপন বা নষ্ট করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
এসএ




Comments