শালিখায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রাজু আহমেদ রাজা
মাগুরার শালিখায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রাজু আহমেদ রাজাকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু আহমেদ রাজা ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামের ইসমাইল আজিজের ছেলে।
পুলিশ জানায়, বাগেরহাট জেলার একটি হত্যা মামলায় আদালত রাজু আহমেদ রাজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাগুরা জেলা পুলিশের মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে সিংড়া ক্যাম্পের এএসআই আব্দুস সালাম লিটনের নেতৃত্বে পুলিশের একটি দল পিপরুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজু আহমেদ রাজাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাটের ওই হত্যা মামলায় আদালতের দেওয়া রায়ের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন রাজু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে শালিখা থানা পুলিশ।
এসএ




Comments