পত্নীতলায় মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বাড়িতে মিলল ৮১৭ পিস ট্যাপেন্টাডল
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দেওয়ালকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলাম ও ডলি খাতুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments