মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর অবস্থানের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মাদক একটি পরিবারকে যেমন ধ্বংস করে, তেমনি এর নেতিবাচক প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। মাদকের বিস্তার রোধ করা না গেলে আগামী প্রজন্ম বড় ধরনের বিপদের মুখে পড়বে। পাশাপাশি সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হবে। তাই মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় না দিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। দলের প্রতিষ্ঠার পর থেকে দেশের জন্য কাজ করতে গিয়ে যেসব নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবিব বিপ্লব সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু।
আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বেলাবোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জিল্লাল, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, বেনজীর আহমেদ, মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল হক তানভীর, বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বার, আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলউল্লাহ তপন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন রাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments