Image description

দেশে ক্রমবর্ধমান মাদকাসক্তি ও নৈতিকতাহীনতা রোধে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং ও নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, "স্কাউটিং ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার মতো গুণাবলি গড়ে তোলা সম্ভব। স্কাউটিং আমাদের শেখায় কীভাবে জনসভা পরিচালনা করতে হয়, কীভাবে জনগণকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়। তরুণ প্রজন্মকে মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতে এই কার্যক্রমগুলোর কোনো বিকল্প নেই।"

মেধাবীদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর তোমরাই। মেধাবীদের সঠিক মূল্যায়ন ও সমর্থন দিতেই হবে। যারা কঠোর পরিশ্রম করে ভালো ফল করেছে, তাদের সম্মানিত করা আমাদের দায়িত্ব।"

শিক্ষাব্যবস্থায় নতুন সংস্কারের কথা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, "চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস, কালচার, এথিকস ও মরালস এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিক্ষাক্রমে যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি কারিগরি শিক্ষাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কাউটের জন্য পৃথক একটি স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।"

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, দেশের ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য খেলাধুলার পাশাপাশি পোশাক ও মিডডে মিলের ব্যবস্থা করা হচ্ছে।

নারী শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে শুরু হওয়া মেয়েদের উপবৃত্তি কর্মসূচি দেশে একটি সামাজিক বিপ্লব ঘটিয়েছে। এর ইতিবাচক প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত।" 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট বৃদ্ধি করছেন এবং স্কাউটের জন্যও বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ স্কাউটস আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা মেধাবী স্কাউটদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

ডিআর