Image description

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি দামোধরদপী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় আসির নিজের ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন।

এ সময় ঘটনাস্থলে থাকা তার আত্মীয়-স্বজনরা তাকে নিয়ে যাওয়ার কাজে বাধা দেন। তাদের বাধার মধ্যে সুযোগ পেয়ে আসির মিয়া হ্যান্ডকাফ পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যান।

আসামি পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।

দামোধরদপী গ্রামের ইউপি সদস্য মো. আজির উদ্দিন বলেন, পুলিশের অভিযান চালানোর সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে তিনি জানতে পারেন, আসিরকে গ্রেপ্তারের সময় সেখানে হইচই শুরু হয়। এই সুযোগে আসির হ্যান্ডকাফসহ পালিয়ে যান।

শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএস