Image description

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট শুরু হতে এখনো আট মাসের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে ম্যাচটির টিকিট পেতে আবেদন করার সুযোগ চালু করেছে লর্ডস কর্তৃপক্ষ।

আগামী ২৮ মে ২০২৭ থেকে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি চলবে ১ জুন পর্যন্ত।

২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য সাধারণ দর্শকদের ব্যালট আবেদন ইতোমধ্যে উন্মুক্ত করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে।

নভেম্বরের শুরুতে প্রথম ধাপে সফল আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর তাঁরা ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন। আর সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ১০ ডিসেম্বর।

ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ খুব বেশি পায় না বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট খেলতে বাংলাদেশ গিয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে, আর ঐতিহাসিক লর্ডসে খেলতে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লর্ডসের সঙ্গে রয়েছে বিশেষ কিছু স্মৃতি। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তাঁর সেই শতকের পর উদযাপনের দৃশ্য এখনো বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।

বাংলাদেশ ও ইংল্যান্ড সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

লর্ডসে ২০২৭ সালের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য যেমন দীর্ঘ অপেক্ষার অবসান, তেমনি সমর্থকদের জন্যও হতে যাচ্ছে বিশেষ এক ক্রিকেটীয় আয়োজন।
এমআর