নাইজেরিয়ার রিভার্স প্রদেশের একটি জেটিতে তেল চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দা ও বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, প্রায় ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে ওকারি জেটিতে পৌঁছান। সেখানে রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। ওই তরুণরা স্থাপনাটির সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের ট্যাপিং পয়েন্ট থেকে অবৈধভাবে তেল চুরির চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপলাইন থেকে উচ্চচাপে তেল নৌকায় তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকে অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং বেশ কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।
পরিবেশ ও মানবাধিকার সংগঠন ‘ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার’ (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পণ্য পাঠানোর সময় তরুণরা তা সংগ্রহের চেষ্টা করলে বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার ভয়াবহতা ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধভাবে তেল সংগ্রহ ও চুরির ঝুঁকি দীর্ঘদিনের সমস্যা। রিভার্স প্রদেশ ও আশপাশের এলাকায় প্রায়ই অপরিশোধিত তেল চুরি ও অবৈধ শোধনাগার ধ্বংস করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। চলতি বছরের এপ্রিলে সেনাবাহিনী ১০টি অবৈধ শোধনাগার ধ্বংস এবং ১ লাখ ৩০ হাজার লিটার চোরাই তেল উদ্ধার করেছিল।
ডিআর




Comments