Image description

ছয় দফা দাবি সামনে রেখে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।

শাপলা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশ শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর রওনা হয়।

লংমার্চের নির্ধারিত রুটে কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই উল্লেখযোগ্য।

কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএ