Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ নিয়ে আলোচনা চলছে। এছাড়া আসন্ন জাতিসংঘ সম্মেলনে ‘নতুন বাংলাদেশের’ অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাঁর একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ভারতের সাথে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই বাঞ্ছনীয়। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।”

দেশের জ্বালানি খাতের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, “বিগত সরকারের আমলে জ্বালানি খাতে যেভাবে ‘সাইকোপ্যাথিক’ দুর্নীতি করা হয়েছে, তা অকল্পনীয়। তবে বর্তমান প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি সংকট সমাধানে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু নয়। অনেক দেশই এখন জাতীয় স্বার্থের প্রয়োজনে একাধিক নিরাপত্তা জোটে থাকছে। আমরাও জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেব।”

আমেরিকা থেকে বোয়িং কেনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, কোনো চাপের মুখে নয় বরং অভ্যন্তরীণ চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে সেখানে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে, এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি শুরু হবে।

সংবাদ সম্মেলনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

ডিআর